কোথায়? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-ফের্নান্দো তোরেসদের শহরে!
কাদের সামনে? মেসি-নেইমার-সুয়ারেজ!
মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামের দর্শকরা চেয়ার ছেড়ে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিচ্ছেন তখন অর্ণব মণ্ডলদের।
আটলেটিকো মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ অবশ্য শিগগিরই সংস্কারের জন্য তাদের হোমগ্রাউন্ড ভেঙে ফেলবেন। ২০১৭ থেকে নতুন স্টেডিয়ামে খেলবেন তারা। কিন্তু তার আগে শনিবার রাতে আন্তর্জাতিক ফুটবলের বহু নাটকীয় উত্থান-পতনের সঙ্গে জড়িত ভিসেন্তে কালদেরন সাক্ষী থাকল ভারতীয় ফুটবলের মাহেন্দ্রক্ষণের।
লা লিগার অন্যতম হাই-প্রোফাইল ম্যাচ বার্সেলোনা বনাম আটলেটিকো মাদ্রিদ শুরুর আগে মেসি অ্যান্ড কোং তখন ওয়ার্ম-আপ সেরে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। খেলা শুরু হতে আর কুড়ি মিনিট। ঠিক তখনই ট্রফি হাতে আটলেটিকো মাদ্রিদের মাঠে ঢুকে পড়লেন আটলেটিকো দে কলকাতা দল। অর্ণবের পাশাপাশি রহিম নবি, জুয়েল রাজারা। স্টেডিয়ামের চারদিকের জায়ান্ট স্ক্রিনে পর্দায় ফুটে উঠল গত বার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আটলেটিকো কলকাতার উদ্বোধনী আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তের ভিডিও ক্লিপিংস। বারবার দেখানো হচ্ছিল লুইস গার্সিয়া, বলজিৎ সিংহ সাইনিদের ভিকট্রি ল্যাপ। স্টেডিয়ামের গমগমে সাউন্ড সিস্টেমে স্প্যানিশ ভাষায় তখন গোটা ভিসেন্তে কালদেরন ছড়িয়ে পড়ছে— ‘‘এটা এটিকের এক সাফল্য। যারা ভারতসেরা। আর তার অংশীদার আটলেটিকো মাদ্রিদ।’’

গোল করে সদ্যোজাত ছেলের জন্য মেসির নতুন সেলিব্রেশন। আইএসএল ট্রফি নিয়ে অর্ণব-হিউম।
ঘোষণা শেষ হতেই গোটা স্টেডিয়াম ভেঙে পড়ল করতালিতে। যেহেতু শনিবার লা লিগার ম্যাচ ছিল আটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে, সে জন্য মাঠের ভেতর মেসি-নেইমারদের উপস্থিতি সত্ত্বেও স্বাভাবিক ভাবেই গ্যালারিতে আটলেটিকো-সমর্থকরাই ছিলেন বড় সংখ্যায়। ঠিক ছিল, অর্ণব আর হোসেমি ট্রফি নিয়ে প্রথম মাঠে ঢুকবেন। কিন্তু এটিকের স্প্যানিশ কোচ হাবাস পরে করেন, তাঁর এ বারের দলের মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগার সঙ্গে অর্ণব সবার আগে মাঠে ঢুকবেন আইএসএল ট্রফি নিয়ে। রোনাল্ডোর পাশে পর্তুগাল টিমে খেলা পস্তিগা স্পেনের ফুটবল সার্কিটেও জনপ্রিয়। যদিও শনিবার শেষ মুহূর্তে এটিকে টিম ম্যানেজমেন্টের কাছে খবর আসে, পস্তিগার ছেলে অসুস্থ। তাই পস্তিগা মাঠে আসতে পারছেন না। ফলে বদলায় প্ল্যান বি-ও।
শেষমেশ ট্রফি হাতে স্টেডিয়ামে প্রথম ঢোকেন এটিকের কানাডিয়ান স্ট্রাইকার ইয়ান হিউম। তিনি মাঠে ঢুকেই তা তুলে দেন অর্ণবের হাতে। এটিকে সচিব সুব্রত তালুকদার মাদ্রিদ থেকে ফোনে বললেন, ‘‘কেমন মজার ব্যাপার দেখুন, গত বছর হিউমের টিম কেরল ব্লাস্টার্সকে ফাইনালে হারিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখানে হিউম নিজেও চাইছিল সেই ট্রফি এক বার ছুঁয়ে অর্ণবের হাতে দিতে।’’
অত্যন্ত গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচের জন্য শনিবার মাদ্রিদের মাঠের পুরো অংশই খেলার আগে ঢাকা ছিল। জুয়েল রাজাদের তাই মাঠের একটা নির্দিষ্ট অংশে রাখা হয়েছিল। এক ঘণ্টা আগে আটলেটিকো কলকাতা টিমকে সিকিউরিটি জোনে নিয়ে উপস্থিত হন আটলেটিকো মাদ্রিদ কর্তারা। যেখানে হাজির থাকার পাসপোর্ট পেয়েছিলেন কেবল দুই ভারতীয় কর্তা— এটিকে সচিব এবং আইএসএলের ‘টাইটেল স্পনসর’-এর প্রধান।
শনিবার সকালের প্র্যাকটিসের পর গোটা টিমকে রাতের ঐতিহাসিক ট্রফি প্যারেডের জন্য ছুটি দিলেও এটিকে কোচ হাবাস নিজে ভিসেন্তে কালদেরনে যাননি। মাদ্রিদের বাড়িতে চলে যান। মেসি-নেইমার, তোরেস-গডিনদের ম্যাচের কয়েক মিনিট আগে সেই মাঠেই দাঁড়িয়ে ভারতসেরার ট্রফি তুলে ধরার অনুভূতি কেমন? মাদ্রিদ থেকে ফোনে অর্ণব বললেন, ‘‘পুরোটাই স্বপ্নের মতো লাগছিল। মেসিরা ম্যাচের আগে ড্রেসিংরুমে বসে আমাদের মতো দেশের একটা ফুটবল টুর্নামেন্টের ট্রফি জয়ের মুহূর্ত দেখছে ভাবলেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল।’’ হিউম আবার বলছেন, ‘‘আগের বার ট্রফিটা পাইনি। মাদ্রিদে ট্রফিটা ছোঁয়ার সঙ্গেই শপথ নিলাম ওটা এ বার জেতার।’’
এটিকে সচিব ফোনে বললেন, ‘‘আইএসএল ট্রফির রেপ্লিকা মাঠে আটলেটিকো মাদ্রিদ প্রেসিডেন্ট এনরিকে সেরেজো তোরেসের হাতে তুলে দিয়েছি আমরা।’’ সেরেজো আবার আটলেটিকো কলকাতার জেতা ট্রফি উৎসর্গ করেছেন আটলেটিকো মাদ্রিদ সমর্থকদের!
ট্রফি প্যারেড করা ছাড়াও গ্যালারিতে বসে মেসিকে গোল করতে দেখলেন অর্ণবরা। যদিও সেই গোলে ১-২ হারল আটলেটিকো মাদ্রিদ।
অর্ণবরা যখন মাঠের মধ্যে ট্রফি প্যারেডে, তখন ড্রেসিংরুমে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন মেসি, নেইমাররা। সূত্রের খবর, সেখানেই টিভিতে নবি-জুয়েলদের দেখেন বার্সার মহাতারকারা। মাঠে নামার আগে বার্সেলোনার এক কর্তা এগিয়ে এসে আলাপ করেন এটিকে সচিবের সঙ্গে। জানতে চান, আইএসএলে ক’টা টিম খেলে? আটলেটিকো মাদ্রিদের মতো বার্সেলোনাও আইএসএলে কোনও ভাবে যুক্ত হতে পারে কি না!
এটাই বোধহয় ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৫ নম্বরে থাকা ভারতীয় ফুটবলে এই মুহূর্তের সেরা বিজ্ঞাপন!

No comments:
Post a Comment