
ছবি: এএফপি।
ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন ফ্লাভিয়া পেনেত্তা। ইতালীয় পেনেত্তার এটাই প্রথম গ্র্যান্ডস্লাম সিঙ্গলস। শুধু তাই নয়, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম সিঙ্গলস জয়ের রেকর্ড করলেন তিনি। আর ম্যাচ শেষ হতেই অবসরও ঘোষণা করলেন।
৩৩ বছর বয়স ফ্লাভিয়ার। এ বারের ইউএস ওপেন নিয়ে মোট ৪৯ বার তিনি টেনিস মেজরে অংশ নিলেন। এর আগে কখনও সিঙ্গলস চ্যাম্পিয়ন হননি কোনও মেজরে। অবশেষে স্বপ্নপূরণ হল নিজের দেশেরই প্রতিদ্বন্দ্বী রবার্তা ভিঞ্চিকে ৭-৬ (৭/৪), ৬-২-এ হারিয়ে। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২৩ হাজার ৭৭১ জন দর্শকের মধ্যে এ দিন হাজির ছিলেন ইতালির প্রধানমন্ত্রী ম্যাটেও রেনজি নিজেও। থাকবেন না-ই বা কেন? ইউএস ওপেনের মহিলা সিঙ্গলস যে এ বার ইতালীয় ওপেনে পরিণত হয়েছিল! ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বীই ইতালী থেকে। চ্যাম্পিয়ন পেনেত্তা রোমানিয়ার সিমোনা হালেপকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছন। অপর ফাইনালিস্ট ভিঞ্চির ফাইনালে পৌঁছনো কিন্তু আরও আকর্ষণীয়। তিনি দু’দিন আগেই সেমিফাইনালে হারিয়েছিলেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে। অসামান্য অঘটন ঘটিয়ে সাড়া ফেলেছিলেন তো বটেই। একই সঙ্গে ভেস্তে দিয়েছিলেন সেরেনার ক্যালেন্ডার স্লামের স্বপ্ন।
সেরেনাকে হারিয়ে ফাইনালে পৌঁছনো ভিঞ্চির র্যাঙ্কিং ছিল ৪৩। আর চ্যাম্পিয়ন পেনেত্তা ছিলেন ২৬ নম্বরে। ফাইনালে দুই ইতালীয় নারী পরস্পরকে কড়া টক্কর দেবেন বলেই মনে করেছিল টেনিস দুনিয়া। তবে এ দিন পেনেত্তার সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি ভিঞ্চি। ৯৩ মিনিটের লড়াই শেষে পেনেত্তা বললেন, “একটা স্বপ্ন সত্যি হল। যখন বয়স কম ছিল, তখন ভাবতাম, কবে এক নম্বরে পৌঁছব। এত দিনে পৌঁছলাম। আমি সত্যিই খুশি। ঠিক এই ভাবেই আমি টেনিসকে বিদায় জানাতে চেয়ছিলাম।” পেনেত্তার মনে হয়েছ ৩৩ বছর বয়স পর্যন্ত টেনিস খেলার পর এত দিনে এক নম্বরে পৌঁছতে পারার পর টেনিস দুনিয়ার কাছ থেকে তাঁর আর কিছু পাওয়ার নেই। তাই অবসর।
ফ্লাভিয়া পেনেত্তার আগে সবচেয়ে বেশি বয়সে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছিল যাঁর দখলে তিনিও একজন ইতালীয়। তিনি ফ্রান্সেসকা শিয়াভোনে। ২০১০-এ ফ্রেঞ্চ ওপেন জয় ছিল তাঁর জীবনে প্রথম গ্র্যান্ডস্লাম সিঙ্গলস খেতাব। তখন তাঁর বয়স ছিল ২৯। সে রেকর্ড এদিন ভেঙে ৩৩-এ নিজের প্রথম গ্র্যান্ডস্লাম সিঙ্গলস খেতাব জিতলেন পেনেত্তা। পুরস্কার অর্থ হিসেবে পেয়েছেন ৩৩ লক্ষ ডলার। ভিঞ্চি পেয়েছন ১৬ লক্ষ।
No comments:
Post a Comment