Monday, September 14, 2015

এ বার ভারতে ফোন তৈরি করবে জিওনি-ও

গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে সাড়া দিয়ে ভারতে ফোন তৈরির কথা জানিয়েছে লেনোভো, শাওমি-র মতো বিদেশি মোবাইল নির্মাতা সংস্থা। এ বার সেই তালিকায় যুক্ত হল জিওনি-র নামও। শুক্রবার চিনা সংস্থাটি জানিয়েছে, ফক্সকন ও ডিক্সন টেকনোলজিসের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই ফোন তৈরি করবে তারা। এ জন্য আগামী তিন বছরে লগ্নি করবে ৫ কোটি ডলার (প্রায় ৩৩০ কোটি টাকা)।
জিওনি-র প্রেসিডেন্ট উইলিয়াম লু জানান, চিনের পর এ দেশেই তাদের সবচেয়ে বেশি ফোন বিক্রি হয়। ভারতে সংস্থার এমডি-সিইও অরবিন্দ আর ভোরার দাবি, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হয়ে আগামী দিনে সেই ব্যবসা বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
গত মাসেই মহারাষ্ট্রে প্রায় ৩০ হাজার কোটি টাকায় বৈদ্যুতিন পণ্য কারখানা গড়ার কথা জানিয়েছে তাইওয়ানের ফক্সকন। তার পর ফক্সকনের সঙ্গে গাঁটছড়া বেঁধে অন্ধ্রপ্রদেশের কারখানায় উৎপাদন শুরু করেছে শাওমি। সম্প্রতি একই পথে হেঁটে ফ্লেক্স-এর সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইয়ে কারখানা গড়ার কাজ শুরুর কথা জানিয়েছে লেনোভোও। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এখানে তা জুড়ে ফোন তৈরি করবে তারা। একের পর এক বিদেশি মোবাইল সংস্থা ভারতে কারখানা গড়ায় দেশকে উৎপাদন শিল্পের কেন্দ্র হিসেবে তুলে ধরার কাজ এগোবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।  
অক্টোবর থেকেই দিল্লি সংলগ্ন অঞ্চল ও অন্ধ্রপ্রদেশে যথাক্রমে ডিক্সন ও ফক্সকনের কারখানায় জিওনি-র ফোন তৈরির কাজ শুরু হবে। প্রাথমিক ভাবে ফক্সকন জিওনি-র এফ সিরিজ এবং পি সিরিজের ফোন উৎপাদন করবে। ডিক্সনের হাতে থাকবে সাধারণ ও অন্যান্য স্মার্ট ফোন তৈরির দায়িত্ব। ভারতের বাজারের কথা মাথায় রেখে ফোন তৈরির জন্য দেশে গবেষণা ও উন্নয়ন খাতে লগ্নিও বাড়াবে জিওনি।

No comments:

Post a Comment