ন’বছর আগের মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণে অভিযুক্ত ১৩ জনের মধ্যে ১২ জনকেই দোযী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ আদালত। প্রমাণের অভাবে ছাড় পেয়েছেন এক জন। সাজা ঘোষণা হবে আগামী সোমবার।২০০৬-এর ১১ জুলাই কয়েক মিনিটের ব্যবধানে মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয় ১৮৮ জনের। আহত হন প্রায় আটশো জন। ব্যস্ত সময়ে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনগুলির প্রথম শ্রেণিতে ঘটে ওই বিস্ফোরণ। প্রেসার কুকারে রাখা বিস্ফোরকের সাহায্যে বরিভালি, যজ্ঞেশ্বরী, খার রোড, বান্দার-সহ একাধিক জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্তে নেমে বাইশ জন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে মুম্বই পুলিশের জঙ্গি দমন শাখা (এটিএস)। কিন্তু তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৮ সালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বছর দু’য়েকের জন্য বন্ধ থাকে শুনানি। ফের তা চালু হয় ২০১০ সালে। হামলায় ২৭ জনকে অভিযুক্তের বিচার শুরু হয় মুম্বইয়ের বিশেষ আদালতে। এদের মধ্যে ১৩ জনকে ধরা সম্ভব হলেও পলাতক বাকি ১৪ জন। এ দিন সেই ১৩ জনের মধ্যে ১২ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।

No comments:
Post a Comment