আটলেটিকোর ইয়ান হিউম না চেন্নাইয়ানের জন স্টিভন মেন্ডোজা? এ বারের আইএসএলে দু’জনে মিলে এ পর্যন্ত করে ফেলেছেন ২১ গোল। হিউম দশটা গোল করে দ্বিতীয়। আর এগারো গোল করে আপাতত সর্বোচ্চ গোলদাতা মেন্ডোজা। চেন্নাই-কলকাতা সেমিফাইনালে নায়ক হবেন কে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল।
কিন্তু চেন্নাইয়ের সাম্প্রতিক বন্যার পর জুড়েছে আরও একটা প্রশ্ন, বন্যা বিধ্বস্ত চেন্নাইতে সেমিফাইনাল হবে কি? উত্তর মিলেছে মঙ্গলবার বিকেলে। টুর্নামেন্টের আয়োজক আইএমজি-আর জানিয়ে দিয়েছে, চেন্নাইয়ের মেরিনা এরিনা নয়। কলকাতা-চেন্নাই সেমিফাইনালের প্রথম পর্ব হবে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে।
চেন্নাইতে ফোন করে জানা গেল টিমের অন্যতম মালিক অভিষেক বচ্চন মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ঘরের মাঠেই সেমিফাইনাল খেলতে। যাতে এলানোবিহীন মাতেরাজ্জির টিম হোম অ্যাডভান্টেজ পেতে পারে। কিন্তু জুনিয়র বচ্চনের যাবতীয় প্রচেষ্টা মাঠেই মারা গিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আয়োজকরা কথা বলেন চেন্নাই প্রতিনিধির সঙ্গে। যেখানে বড় হয়ে ওঠে ফের বৃষ্টির সম্ভাবনা। তাই ম্যাচ সরে পুণেতে। এমনিতে কলকাতার চোট-আঘাত বা কার্ড সমস্যা নেই। কেবল মুম্বইয়ের বিরুদ্ধে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সমীঘ দ্যুতি। যদিও টিম সূত্রে খবর, মঙ্গলবার পুরনো ছন্দেই অনুশীলন সেরেছেন তিনি। সেমিফাইনালের আগে ফিট হয়ে যাবেন।
পুণেতে ম্যাচ সরায় চেন্নাই সমর্থকদের মধ্যে অসন্তোষের ছোঁয়া। উল্টো দিকে কলকাতা শিবিরে বিপক্ষ ঘরের মাঠে খেলার সুযোগ না পাওয়ায় মাঠে বল গড়ানোর আগেই কিছুটা স্বস্তি বোরহাদের। এ দিন বিকেলে সেন্ট্রাল পার্কে অনুশীলন সেরে সন্ধেতেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলকাতা কোচ। যেখানে একটা বড় সময় পুণের মাঠ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এর কারণ বালেওয়াড়ির মাঠ আইএসএলের অন্য মাঠগুলির তুলনায় প্রস্থে কিছুটা কম এবং মাঠের বিশেষ ঘাসের জন্য সেখানে বল অসমান ভাবে লাফায়। ফলে বল ধরে খেলতে গেলে জায়গা কম পাওয়া যায়। ফাঁকা জায়গা পাওয়া যায় না। আটলেটিকো যেমন এ বারের টুর্নামেন্টে উইংয়ের দুর্দান্ত ব্যবহার করছে, তা কিছুটা ব্যাহত হতে পারে বালেওয়াড়িতে। তাই বিকল্প পরিকল্পনা নিয়ে মগ্ন হাবাস।
এই ধরনের মাঠে ফ্রিকিক বা বক্সের আশপাশে আচমকা শট থেকেই গোলের দরজা খোলে বেশির ভাগ ক্ষেত্রে। বিপক্ষের এলানো প্রথম পর্বের ম্যাচে কার্ডের জন্য না খেলতে পারায় চেন্নাই তাঁর ফ্রিকিক থেকে বঞ্চিত হবে। এটা যেমন কলকাতার কাছে সুযোগ। তেমনই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই সেই ডেড বল অস্ত্রেই শান দিয়ে পুণেতে চেন্নাই বধের পরিকল্পনা করছে কলকাতা।
No comments:
Post a Comment